Logo Logo

একই সময়ে তিন কর্মসূচি, জবি ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ


Splash Image

একই সময়ে একই স্থানে তিনটি সংগঠনের পৃথক কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সর্বপ্রকার সভা, সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে তিনটি আলাদা সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয়। সার্বিক নিরাপত্তা ও সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্রসংগঠনকে প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে একাধিক সংগঠন কর্মসূচির ডাক দিয়েছিল। এর মধ্যে জকসুর উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান, জবি ছাত্রদলের সংঘর্ষ-সংশ্লিষ্ট একটি কর্মসূচি এবং 'ঐক্যবদ্ধ জগন্নাথ'-এর ঘোষিত বিক্ষোভ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া সকাল ১১টায় একই স্থানে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে একটি সংবাদ সম্মেলনেরও কথা ছিল। একই স্থান ও সময়কে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত এই কঠোর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...