বিজ্ঞাপন
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ডারউইন বা ব্রিসবেনের মতো প্রতিকূল ও কন্ডিশনে শুরুতে কিছুটা চাপে পড়ে সফরকারীদের টপ অর্ডার। অজি বোলারদের নিয়ন্ত্রিত পেস ও বাউন্সে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ধৈর্য ও পরিপক্বতার পরিচয় দেন মিরাজ। দলের চরম বিপর্যয়ের মুহূর্তে টেল-এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। চমৎকার ড্রাইভ, ফ্লিক আর ব্যাকফুট পাঞ্চে ইনিংস সাজিয়ে তুলে নেন চোখধাঁধানো এক সেঞ্চুরি। মিরাজের দায়িত্বশীল ইনিংসে ভর করেই বাংলাদেশ শেষ পর্যন্ত ২৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছায়।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে তারা তুলে ৫১ রান। বর্তমানে সফরকারী বাংলাদেশের চেয়ে ২১২ রানে পিছিয়ে রয়েছে অজিরা। আগামীকাল দ্বিতীয় দিনে নিজেদের পিছিয়ে থাকা রান টপকানোর লক্ষ্যে আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।
দিন শেষে নিজের ব্যাটিং ও পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সেঞ্চুরিয়ান মিরাজ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।"
আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে এই ইনিংসটি আলাদা অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন এই অলরাউন্ডার। তিনি আরও যোগ করেন, "অবশ্যই যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...