Logo Logo

ভিনিসিয়ুসকে সিদ্ধান্ত জানাতে সময় বেঁধে দিলো রিয়াল মাদ্রিদ


Splash Image

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ বাকি আর মাত্র এক বছর। তবে চুক্তি শেষে এই তারকা ফরোয়ার্ড যাতে 'ফ্রি এজেন্ট' হিসেবে অন্য কোনো ক্লাবে পাড়ি জমাতে না পারেন, সে জন্য তোড়জোড় শুরু করেছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। চুক্তি নবায়ন ঘিরে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকার মধ্যে দীর্ঘ আলোচনার মাঝে এবার নতুন মোড় নিয়েছে। দলবদলের এই নাটকের দ্রুত অবসান ঘটাতে উইঙ্গার ভিনিসিয়ুসকে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা।


বিজ্ঞাপন


গতকাল বুধবার ভালদেবেবাসে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লাবের পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজ ও জুনি কালাফাত আলোচনায় অংশ নেন। ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, লস ব্লাঙ্কোসরা তা ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘায়িত করতে চায়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে, বৈঠকে চূড়ান্ত চুক্তি সই না হলেও দুই পক্ষের আলোচনা ইতিবাচক ছিল।

স্প্যানিশ গণমাধ্যম ‘কাদেনা সার’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রথম প্রস্তাবের পরিধি বাড়িয়ে ভিনিসিয়ুসকে মৌসুমপ্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের নতুন অফার দিয়েছে। তবে এই অঙ্ক ২৫ বছর বয়সী তারকার প্রাথমিক দাবি থেকে কিছুটা কম। ভিনিসিয়ুস শুরুতে মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো নিট বেতন চেয়েছিলেন।

অন্যদিকে সংবাদমাধ্যম ‘এএস’ ইঙ্গিত দিয়েছে, ভিনিসিয়ুস তাঁর বেতনসংক্রান্ত দাবিতে কিছুটা নমনীয় হতে রাজি হয়েছেন, যদি সেখানে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন আকর্ষণীয় বোনাস ও ভ্যারিয়েবল শর্ত যুক্ত করা হয়। রিয়াল কর্তৃপক্ষও এই নতুন চুক্তি কাঠামো মেনে নিতে প্রস্তুত বলে জানা গেছে।

বেতনের পাশাপাশি নতুন চুক্তিতে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে 'ইমেজ রাইটস' এবং নবায়ন বোনাস। বর্তমানে ক্লাব ও খেলোয়াড় উভয়েই ইমেজ রাইটস থেকে প্রাপ্ত লভ্যাংশ ৫০-৫০ অনুপাতে ভাগ করে নেন। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাঁর অংশের অনুপাত আরও বাড়াতে চান। সাম্প্রতিক আলোচনার পর উভয় পক্ষই কিছুটা ছাড় দোয় একটি সমঝোতায় পৌঁছানোর আশা জোরালো হয়েছে।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রশাসন অবশ্য প্রক্রিয়াটি ঝুলিয়ে রাখতে নারাজ। দ্রুতই বিষয়টির সুরাহা চায় তারা, আর তাই এখন শেষ সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি ভিনিসিয়ুসের কাঁধেই। অন্যদিকে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল, যারা বিশাল প্রস্তাব নিয়ে সুযোগের অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আগের সব পোস্ট মুছে দিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন ভিনিসিয়ুস নিজেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...