Logo Logo

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে পদ্মা পাড়ে প্রতিবাদ ও বিক্ষোভ


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদী থেকে বেপরোয়া ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র হুমকির মুখে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার মানুষের বসতভিটা ও সম্পদ। দিন-রাত প্রকাশ্যে ও গোপনে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও পরিবহন অব্যাহত থাকায় চরম অস্তিত্ব সংকটে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। এ অবস্থায় বালু উত্তোলন অবিলম্বে বন্ধের দাবিতে রাজপথে নেমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) বিকেলে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেপারীর চর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শান্ত বেপারী, আব্দুল মজিদ বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাচ্চু বেপারী, স্থানীয় ব্যক্তিত্ব নুর আলম হাওলাদার, কামাল বেপারী, আবু বক্কার মাদবর ও মো. মোতালেব বেপারীসহ এলাকার সর্বস্তরের জনগণ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ শিবচর উপজেলার কাঠালবাড়ি ও চরজানাজাত ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে যত্রতত্র বালু উত্তোলন ও বিক্রি করে আসছে একটি প্রভাবশালী মহল। ফলে নদীর অসংখ্য স্থানে অনিয়ন্ত্রিত বালু বাণিজ্যের কারণে নদী ভাঙন তীব্র আকার ধারণ করছে। একই সাথে পদ্মার তীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি ও বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসের ঝুঁকিতে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অবৈধ এসব ড্রেজার চলাচল ও বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা না হলে স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

মানববন্ধনে অংশ নিয়ে অ্যাডভোকেট নাসিরউদ্দিন বেপারী বলেন, একটি অসাধু চক্র পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে এবং স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের এই কাজে সরাসরি মদদ দিচ্ছে। নৌ-পুলিশের নাকের ডগায় এমন বেআইনি কর্মকাণ্ড চললেও প্রশাসনের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তারা দেখেও না দেখার ভান করে রয়েছে। এ পরিস্থিতি নিরসনে তিনি অবিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...