বিজ্ঞাপন
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন—মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। জিহান জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপরজন সীমান্ত একই এলাকার আব্দুল মমিনের ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের পাশে সীমানা প্রাচীরে একটি শোক ব্যানার টানানো হয়। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এতে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ স্লোগানের পাশাপাশি ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে ‘বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর’ লেখা ছিল।
সরেজমিনে দেখা যায়, ব্যানারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বহনকারী দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর টানানো হয়েছে। এতে ‘আমার ভাই মরলে কেন বিচার চাই’ ও ‘কিছু বুঝি না রাজনীতি, চাই একটি শান্তি’সহ কয়েকটি স্লোগানের অংশ আড়াল হয়ে যায়।
স্থানীয়দের ধারণা, জনসমাগম কম থাকার সুযোগে গভীর রাত বা শেষরাতের দিকে গোপনে ব্যানারটি টানানো হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন, গভীর রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা গোপনে ব্যানারটি টানিয়েছে। কলেজের দায়িত্বপ্রাপ্ত নৈশপ্রহরীদেরও এ বিষয়ে দায়িত্বহীনতা রয়েছে। ঘটনার পর দায়িত্বে থাকা চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে গোপনে তৎপরতা চালানোর চেষ্টা করছে। ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিষয়টি নজরদারিতে রাখছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম যাতে না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “ঘটনার সঙ্গে জড়িত জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...