বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) এবং বেঙ্গা বেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাইম (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন হোন্ডা মোটরসাইকেল এবং নাইম এফজেড মোটরসাইকেল চালাচ্ছিলেন।
দুর্ঘটনায় পশ্চিম রামনগর গ্রামের রিপনের মেয়ে ও রেজার স্ত্রী বৃষ্টি আক্তার (২৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চালকসহ তিনজন সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রিপন ও নাইমকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় মারাত্মক আহত বৃষ্টি আক্তারের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত বিষয়াদি অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
প্রতিবেদক- আলী আশরাফ, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...