Logo Logo

ববিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কমিটি গঠন


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে 'জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ'-এর কাউন্সিল সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন শেষে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এই কাউন্সিল সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দাওয়াতপত্র ও ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন 'সাদা দল'-এর আহ্বায়ক ড. আব্দুল আলিম বছিরকে প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাদা দলের সদস্য-সচিব মো. মেহেদী হাসান সোহাগকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তারা কেউই উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।

সম্মেলন শেষে কর্মচারী মো. মামুন শেখকে সভাপতি এবং মো. জাকির মৃধাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রুহুল আমিন ও সদস্য-সচিব ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হলেও বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

এদিকে ক্যাম্পাসের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। সে আদেশ বহাল থাকা অবস্থায় এ জাতীয় কমিটি গঠন স্পষ্টতই বেআইনি। তাছাড়া নিজেদের জাতীয়তাবাদী পরিষদ দাবি করলেও এই কমিটিতে থাকা অনেকের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের সমর্থনে চাকরি পাওয়া এবং দলটির সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. মামুন শেখ বলেন, "আমরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের বিষয়েও আমরা অবগত। তবে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এই পরিষদ গঠন করা হয়েছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক ও ববি কর্মচারী মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য-সচিব মো. ফিরোজুল ইসলাম।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ২০২৪ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (বিশেষ) সিন্ডিকেট সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে এ আদেশের পরও ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষাদলের কার্যক্রম দৃশ্যমান রয়েছে।

সম্মেলনের ব্যানারে নাম থাকা প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির বলেন, "আমি পরীক্ষার কাজে বাইরে ছিলাম, বিষয়টি সম্পর্কে অবগত নই। ব্যানারে কীভাবে আমার নাম ব্যবহার করা হয়েছে তা জেনে পরে বলতে পারব।" অন্যদিকে, বিষয়ের সত্যতা জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...