Logo Logo

৪১ কোটিতে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল


Splash Image

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম বিতর্কিত ও রোমাঞ্চকর অধ্যায় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সেই অবিস্মরণীয় ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা গোল’-এর স্মৃতিবাহী ম্যাচ বলটি এবার নিলামে ৩৩ লাখ ৫০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা) বিক্রি হয়েছে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ ঐতিহাসিক ‘অ্যাডিডাস অ্যাজটেকা’ বলটির নিলাম সম্পন্ন করে। প্রতিষ্ঠানটি শুরুতে এই বলের দাম এক কোটি ডলার প্রত্যাশা করেছিল এবং একে ক্রীড়া ইতিহাসের ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ ফুটবল’ হিসেবে আখ্যায়িত করেছিল। প্রত্যাশার তুলনায় দাম কিছুটা কম হলেও সংগ্রাহকদের মধ্যে বলটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

১৯৮৬ সালের ২২ জুনের সেই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, যেখানে দুটি গোলই করেছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক ম্যারাডোনা। ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে ফাঁকি দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়ে প্রথম গোলটি করেন তিনি। পরবর্তীতে ম্যারাডোনা নিজেই এই গোলকে ‘ঈশ্বরের হাত’ ও ‘কিছুটা মাথার ছোঁয়া’ বলে মন্তব্য করেছিলেন। এর মাত্র চার মিনিট পরেই মাঝমাঠ থেকে একাই ড্রিবলিং করে পাঁচজন ইংলিশ ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে শতাব্দীর সেরা গোলটি করেন তিনি, যা আর্জেন্টিনাকে এনে দেয় ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পথ।

ম্যাচ শেষে তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের বলটি নিজের সংগ্রহে রেখে দিয়েছিলেন এবং দীর্ঘ তিন দশক তা তার কাছেই সংরক্ষিত ছিল। ২০২৩ সালে এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে, এটিই ছিল সেই ম্যাচে ব্যবহৃত একমাত্র বল, যা পরবর্তীতে নিরপেক্ষ সংস্থার পরীক্ষায় সত্য প্রমাণিত হয়। এর আগে ২০২২ সালে তিনি বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার গায়ে থাকা ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালে লন্ডনের এক নিলামে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়ে তৎকালীন রেকর্ড সৃষ্টি করেছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...