বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত হয় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেন, বর্তমান বিসিবি প্রশাসন শহীদ আবু সাঈদের সম্মানে করা গ্যালারির ব্যানার অপসারণ করেছে। পরবর্তীতে আরও অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দিলে তা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক বিভ্রান্তি ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে একই সময়ে ব্যানারটি স্বস্থানে বহাল থাকার ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতে থাকে।
বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যানারটি গ্যালারিতে এখনও যথাস্থানেই রয়েছে। তিনি এটিকে অপপ্রচার আখ্যা দিয়ে বলেন, স্টেডিয়ামে সরেজমিনে গেলেই এর সত্যতা নিশ্চিত হওয়া যায়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সংস্কারের কথা থাকলেও কোনো ব্যানার সরিয়ে ফেলার প্রশ্নই ওঠে না।
পরবর্তীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের অবস্থান খোলাসা করে বিসিবি। বিবৃতিতে বলা হয়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্য কোনো ভেন্যুতেই ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ বা অন্য কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিলের কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি। চলতি বছরের শুরু থেকে আয়োজিত প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই এই নামফলক দৃশ্যমান ছিল, এমনকি টিকিট ও প্রচারণামূলক উপাদানেও তা ব্যবহৃত হয়েছে।
বিসিবি আরও উল্লেখ করে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ম্যাচহীন দিনগুলোতে ক্ষতিগ্রস্ত সাইনবোর্ড সাময়িকভাবে মেরামত করা হতে পারে, যা একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিসিবির নেওয়া এই উদ্যোগে কোনো ব্যত্যয় ঘটেনি। বর্তমান বোর্ডের সুনাম ক্ষুণ্ন করতে চালানো অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ক্রিকেট বোর্ড।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...