বিজ্ঞাপন
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট আয়োজিত ‘ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প’-এ অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছয় ক্যাডেটের মধ্যে দুজন চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসির প্রশিক্ষণ একাডেমিতে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে জাককানইবি ব্যাটালিয়ন -০৫ এর মিশ্র প্লাটুন এর ক্যাডেট সহ জুনিয়র ও সিনিয়র ডিভিশনের মোট ৩২৩ জন ক্যাডেট অংশ নেন।
ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাক (বিজিবিএম, পিএসসি, এডি)। এ সময় রমনা রেজিমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার মেজর মো. শাহরিয়ার কবিরসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পিইউওরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে জাককানইবির নারী ক্যাডেট জান্নাতুল আদনী চৌধুরী ভলিবল ও সঙ্গীত ইভেন্টে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে পুরুষ ক্যাডেট মুহাম্মদ হাবিবউল্লাহ ভলিবল ও কবিতা আবৃত্তি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
জানা গেছে, আয়োজিত বিভিন্ন ইভেন্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরাই একমাত্র দুই প্রতিষ্ঠান হিসেবে চারটি করে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে।
সাফল্য অর্জনকারী ক্যাডেট জান্নাতুল আদনী চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপর ক্যাডেট মুহাম্মদ হাবিবউল্লাহ নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ক্যাম্পে জাককানইবির হয়ে অংশ নেওয়া অন্য চার ক্যাডেট হলেন—ফোকলোর বিভাগের এবিএম হাছিবুর রহমান, আশরাফুল আলম রানা ও মো. সোহানুর রহমান সৌরভ এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মৌমিতা আক্তার লাবণ্য। তারাও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জাককানইবি বিএনসিসি প্লাটুনের পিইউও ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. রকিবুজ্জামান বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি মিশ্র তথা সেনা প্লাটুনের যাত্রা অল্প কয়েকদিনের। আমাদের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাকে জয় করে ক্যাডেটদের প্রথম প্রশিক্ষণ ক্যাম্পিংয়ে ঈর্ষণীয় এই সাফল্য ছিনিয়ে আনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, ক্যাডেটদের বড় কোনো প্ল্যাটফর্মে এমন সাফল্য অর্জন তাদের ভবিষ্যৎ দায়িত্বপরায়ণতা ও কর্তব্যনিষ্ঠায় ইতিবাচক প্রেরণা হিসেবে কাজ করবে।’
ক্যাম্পের অভিজ্ঞতা তুলে ধরে ক্যাডেট এবিএম হাছিবুর রহমান বলেন, ‘আজ ক্যাম্প শেষ করে বাসায় ফিরে আসার পর বারবার মনে পড়ছে ক্যাম্পের দিনগুলোর কথা। সকাল ৫টা থেকে শুরু করে রাত পর্যন্ত সেই ঘাম ঝরানো পরিশ্রম, একসঙ্গে প্যারেড গ্রাউন্ড কাঁপানো আর শেষের দিকে সবার সঙ্গে গড়ে ওঠা গভীর মায়া—সবকিছু যেন আজ ভীষণ মিস করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের জাককানইবি বিএনসিসি প্লাটুনের মাত্র ২৮ দিনের পথচলায় এই সাত দিনের ক্যাম্প আমাদের জীবনের অন্যতম সেরা ও আবেগঘন একটি অধ্যায় হয়ে থাকবে।’
উল্লেখ্য, অল্প সময়ের পথচলায় জাককানইবি বিএনসিসি প্লাটুনের এমন সাফল্য বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...