Logo Logo

‘ইমরানের কিছু হলে পুরো পাকিস্তান কাঁদবে’, সাবেক সতীর্থের আবেগঘন বার্তা


Splash Image

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইমরান খানকে নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সাবেক ও বর্তমান তারকারা পাকিস্তানের এই কিংবদন্তির সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়ে এলেও এতদিন দেশটির সাবেক ক্রিকেটাররা ছিলেন কার্যত নীরব। সরকারের রোষানলে পড়ার আশঙ্কায় বিরাজ করা সেই নীরবতা এবার ভেঙে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ইমরানের দীর্ঘদিনের সতীর্থ জাভেদ মিয়াঁদাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সতীর্থের মুক্তির দাবি তুলতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে প্রকাশ্যেই কেঁদে ফেলেন তিনি।


বিজ্ঞাপন


প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া ওই আবেগঘন সাক্ষাৎকারে মিয়াঁদাদ সাবেক অধিনায়কের সঙ্গে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তাদের মধ্যে কোনো দিন শত্রুতা ছিল না। বছরের পর বছর একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলা, বছরের অর্ধেকের বেশি সময় একসঙ্গে থাকা এবং দুজনের নেতৃত্বে পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে তারা ক্রিকেট জীবনের লম্বা পথ পাড়ি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন, ইমরানকে মুক্তি দিলে কি পাকিস্তান মুছে যাবে? তিনি আরও যোগ করেন, ইমরান একজন অত্যন্ত সৎ মানুষ, যার বিরুদ্ধে কোনো চুরি বা আর্থিক দুর্নীতির প্রমাণ নেই; বরং পাকিস্তানের স্বার্থে তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন।

কারাগারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করে মিয়াঁদাদ সতর্কবার্তা দেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হওয়া জরুরি এবং দেশের এই জাতীয় নায়কের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। খোদা না করুক, কারাগারের ভেতরে ইমরানের কোনো ক্ষতি হলে গোটা পাকিস্তান কাঁদবে এবং তখন মানুষই জবাব চাইবে কেন একজন কিংবদন্তির সঙ্গে এমন আচরণ করা হলো। তিনি সরকারের প্রতি প্রতিহিংসা ভুলে দ্রুত ইমরানকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই। সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার থেকে শুরু করে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স পর্যন্ত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর সুচিকিৎসা ও উপযুক্ত সম্মানের দাবি জানিয়েছেন। সম্প্রতি লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট চলাকালীন ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ম্যাচ বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে একাধিক রাজনৈতিক ও বিতর্কিত মামলায় কারাবন্দি রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। পরিবারের অভিযোগ অনুযায়ী, কারাগারে তাকে দিনে প্রায় ২৩ ঘণ্টা একটি ছোট কক্ষে আটকে রাখা হয়, আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার এক চোখের দৃষ্টিশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজোড়া উদ্বেগের মাঝে নিজ দেশের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের এমন কান্নাভেজা প্রতিবাদ বর্তমান শাহবাজ শরিফ সরকারের ওপর নতুন করে বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...