Logo Logo

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি


Splash Image

বিএমইউ প্রতিনিধিঃ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।


বিজ্ঞাপন


১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন রিয়ার এডমিরাল মো.নিয়ামত এলাহি। ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন তিনি। ১৯৯৬ সালে বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবনে প্রবেশ করেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পান তিনি। ২০২৫ সালের ৬ মে থেকে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (NATDOC) কমান্ড্যান্ট ছিলেন তিনি।

নৌবাহিনীর দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায়ও সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহির। এছাড়া তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ, ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে মেরিটাইম বিষয়ে এমএসসি ইন ওয়ার স্টাডিজ এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি সম্পন্ন করেন।

একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিরক্ষা ও নৌ প্রকৌশল বিষয়ে দেশে-বিদেশে একাধিক উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, পাকিস্তান নেভি ওয়ার কলেজ, সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এবং মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের বিভিন্ন উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন। নৌ প্রকৌশল, প্রতিরক্ষা অধ্যয়ন ও সামুদ্রিক যুদ্ধকৌশলে তাঁর উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের সমন্বয় রয়েছে।

নৌ অস্ত্র, নৌ ইলেকট্রনিকস ও মেরিন ইলেকট্রিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি। ২০০১ সালে ইতালিতে সোনার সিমুলেটর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ২০০৩ সালে ইলেকট্রিক্যাল স্পেশালাইজেশন এবং ২০০৪-০৫ সালে যুক্তরাজ্যের এইচএমএস কলিংউডে উইপন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেন তিনি।

২০০৬-০৭ সালে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র ও ইলেকট্রনিকস প্রকল্পের গবেষণা, অধিগ্রহণ ও বাস্তবায়নের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ২০১৬-১৭ সালে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে বাংলাদেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কাজ করেন।

দীর্ঘ কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ, নৌ ডকইয়ার্ড, লজিস্টিকস, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, প্রকল্প ও নৌ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ নেভাল ডকইয়ার্ডের জেনারেল ম্যানেজার (পিই), ডিইডব্লিউ লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এবং কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডসহ (সিএসডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

সদ্য সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। তিনি ২০২৫ সালের ৭ মে দায়িত্ব গ্রহণ করেন। নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমে গতি ও প্রশাসনিক স্থিতিশীলতা অর্জনের প্রত্যাশা করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাঝে আশা জেগেছে, নতুন উপাচার্যের অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি একটি উন্নত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...