Logo Logo

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ১ সদস্য নিহত, আহত ১০


Splash Image

মাদারীপুর সদর উপজেলায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আবদুস সালাম (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার ছেলে। আবদুস সালাম শিবচর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে শিবচরে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে পখিরা এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া ৭ বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে (৩০) বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পুলিশ সদস্য আবদুস সালাম।

দুর্ঘটনায় পিকআপে থাকা আরও ৪ জন পুলিশ সদস্যের পাশাপাশি শিশু ইমা আক্তার, তার বাবা ইব্রাহিম সরদার এবং পথচারীসহ স্থানীয় আরও ৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার পুলিশ সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, প্রাথমিক তথ্যানুযায়ী মাদারীপুর থেকে শিবচরগামী পুলিশের গাড়িটি এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও আরও চার সদস্যসহ স্থানীয় কয়েকজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...