Logo Logo

ইয়ামালের আলোচিত ‘৩০৪’ উদ্‌যাপনের পেছনের গল্প জানালেন তাঁর শৈশবের বন্ধু


Splash Image

বর্তমান বিশ্ব ফুটবলের বিস্ময় বালক হিসেবে নিজেকে আগেই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লামিন ইয়ামাল। স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার জার্সি হোক কিংবা জাতীয় দল স্পেনের আক্রমণভাগ—সবখানেই তিনি নিজের জাত চিনিয়ে যাচ্ছেন প্রতি ম্যাচেই। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে ধারাবাহিক দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অল্প বয়সেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে নিজের নাম লিখিয়েছেন এই তরুণ উইঙ্গার। নতুন মৌসুমেও বার্সেলোনার আক্রমণভাগে দলের অন্যতম বড় ভরসা হয়ে পারফর্ম করছেন তিনি।


বিজ্ঞাপন


মাঠের দুর্দান্ত সাফল্যের পাশাপাশি ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি কৌতুহলের বিষয় হয়ে উঠেছে ইয়ামালের গোল উদযাপনের বিশেষ ভঙ্গি ‘৩০৪’। সাধারণত লক্ষ্যভেদ করার পর দুই হাতের আঙুল দিয়ে ‘৩০৪’ চিহ্ন বানিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তাকে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের মনে প্রশ্ন ছিল, ঠিক কী কারণে বা কার অনুপ্রেরণায় এই বিশেষ উদযাপনের জন্ম? সম্প্রতি স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘তার্দে এআরকে’-তে এক সাক্ষাৎকারে সেই রহস্যের উন্মোচন করেছেন ইয়ামালের শৈশবের ঘনিষ্ঠ বন্ধু সোহাইব।

উপস্থাপক আনা রোসা কুইন্তানার মুখোমুখি হয়ে বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে সোহাইব জানান, স্পেনের কাতালোনিয়ার রোকাফোন্ডা অঞ্চলের একটি পার্কে মাত্র ছয় বছর বয়সে তাদের বন্ধুত্বের সূচনা হয়। সেই শৈশব থেকেই ইয়ামালকে ভাইয়ের মতো দেখেন তিনি। সোহাইবের মতে, শৈশবেই ইয়ামালের অসাধারণ প্রতিভা ফুটে উঠেছিল। তিনি প্রায়ই বন্ধুকে বলতেন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখলে একদিন ইয়ামাল বিশ্বের এক নম্বর খেলোয়াড় হবেন। তবে আকাশচুম্বী খ্যাতি আর সাফল্য পাওয়ার পরও ইয়ামালের স্বভাব ও ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি বলে নিশ্চিত করেন তিনি।

গোল ডটকমের এক প্রতিবেদনে আগেই উল্লেখ করা হয়েছিল, ইয়ামালের ‘৩০৪’ উদযাপনটি মূলত তার বেড়ে ওঠার জায়গা রোকাফোন্ডার পোস্টাল কোডের (০৮৩০৪) শেষ তিন ডিজিটের প্রতিনিধিত্ব করে। তবে উদযাপনটি কীভাবে প্রথম শুরু হয়েছিল, সে বিষয়ে সোহাইব বলেন, যুব দলের কোপা দেল রের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোকাফোন্ডায় অবস্থানকালে ইয়ামাল নিজের পারফরম্যান্স দিয়ে বিশেষ কিছু করে দেখাতে চেয়েছিলেন। তখনই এলাকার পরিচিত ও প্রিয় এই কোড ‘৩০৪’ উদযাপনের মাধ্যমে প্রদর্শনের পরামর্শ দেন সোহাইব। ইয়ামালেরও আইডিয়াটি পছন্দ হয়ে যায়। এরপর যুব দল থেকে শুরু করে আজ বার্সেলোনার মূল দল পর্যন্ত প্রতিটি গোল উদযাপনকে নিজের বিশেষ ট্রেডমার্কে পরিণত করেছেন এই তরুণ সেনসেশন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...