Logo Logo

জোতাকে নিয়ে কটূক্তি, সমর্থকদের আজীবন বহিষ্কার চান রোনালদো


Splash Image

প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতাকে নিয়ে গ্যালারি থেকে কটূক্তি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যক্তিগত শোক ও পারিবারিক ট্র্যাজেডিকে প্রতিপক্ষকে ঘায়েল করার নোংরা হাতিয়ার বানানো সমর্থকদের আজীবনের জন্য ফুটবল স্টেডিয়াম থেকে নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।


বিজ্ঞাপন


অপ্রীতিকর এই ঘটনাটি ঘটে সৌদি প্রো লিগে আল-তাওউন ও আল-হিলালের মধ্যকার ম্যাচে। বুরেইদায় অনুষ্ঠিত সেই ম্যাচে আল-হিলাল ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পেলেও মাঠের বাইরের একটি ঘটনা জন্ম দেয় তুমুল বিতর্কের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্বাগতিক আল-তাওউনের কিছু সমর্থক আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে উপহাসের সুরে সমস্বরে ‘জোতা, জোতা’ বলে স্লোগান দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই স্পেনের জামোরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান লিভারপুল ও পর্তুগাল দলের তারকা ফরোয়ার্ড দিয়েগো জোতা। একই দুর্ঘটনায় নিহত হন তার ছোট ভাই আন্দ্রে সিলভাও। জাতীয় দল এবং ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে জোতার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নেভেস। বন্ধুর অকালপ্রয়াণে ভেঙে পড়া নেভেস জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদেরও একজন ছিলেন।

ম্যাচ চলাকালীন ফ্রি-কিক নেওয়ার সময় গ্যালারির ওই আপত্তিকর স্লোগান কানে যায় নেভেসের। উত্তেজিত না হয়ে অত্যন্ত সংযত ভঙ্গিতে প্রথমে তিনি নিজের চোখের দিকে আঙুল দেখান এবং পরে আকাশের দিকে ইঙ্গিত করেন—যার স্পষ্ট বার্তা ছিল, কোনো অন্যায়ই সৃষ্টিকর্তার চোখ এড়ায় না। ম্যাচ শেষে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নেভেস আক্ষেপের সুরে বলেন, ‘আশা করব, এমন জঘন্য আচরণের পর তারা আর গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন না।’

ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তীব্র প্রতিক্রিয়া জানান আল-নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন বিকৃত মানসিকতার বিরুদ্ধে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোনালদো লেখেন, ‘লিগ কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং এমন সমর্থকদের কঠোর শাস্তি দেওয়া। এটা আর ফুটবল নেই, সবকিছুরই একটা সীমারেখা থাকা উচিত। যারা এমন নীচ আচরণ করে, তাদের আর কখনও কোনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে সৌদি ফুটবল অঙ্গন। আল-হিলাল ক্লাব ইতোমধ্যে সৌদি আরব ফুটবল ফেডারেশনের (সাফ) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। স্বাগতিক আল-তাওউন ক্লাব ও সৌদি প্রো লিগ কর্তৃপক্ষও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, ক্রীড়াসুলভ মানসিকতা ও সৌদি ফুটবলের মূল্যবোধ পরিপন্থী এমন কাজের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...