Logo Logo

বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ গ্রেপ্তার-২


Splash Image

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমু ও শামীম ওরফে ‘ইয়াবা শামীম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোনালী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।

গ্রেপ্তারকৃত এনামুল হক ইমু পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়ালের ছেলে। অপর গ্রেপ্তারকৃত শামীম ওরফে ‘ইয়াবা শামীম’ কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের মজিবুর রহমান মহরারের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে পাথরঘাটা থানায় মামলা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমেদ। ওই মামলায় এনামুল হক ইমু ও শামীমকে আসামি করা হয়। পরে মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সমুদ্র থেকে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার চালান পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে এর আগে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইমুর পরিচালিত একটি ট্রান্সপোর্ট অফিস থেকে ৭ পিস ইয়াবা ও এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যক্তিগত অফিস থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, চাঁদাবাজির মামলার তালিকাভুক্ত আসামি এনামুল হক ইমু ও শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আগেও একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, এর আগে ইমুর পরিচালিত ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা, এক পোটলা গাঁজা ও একটি রামদা উদ্ধার করা হয়েছিল। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...