বিজ্ঞাপন
নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার বাসিন্দা মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করে জীবিকা নির্বাহ করছিলেন। প্রতিদিনের মতোই ভোরে বাজারের দোকানপাট খোলার সময় সাধারণ মানুষ ঘটনাটি প্রথম প্রত্যক্ষ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নতুন বাজার সংলগ্ন ছাগল হাটের একটি চারদিক খোলা চৌরি ঘরে এক ব্যক্তির নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। কাছে গিয়ে হোটেল মালিক ওয়াদুদ বিশ্বাসকে শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানা পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নামিয়ে হেফাজতে নেয়।
ব্যবসায়িক কোনো বিরোধ, পারিবারিক কলহ নাকি আর্থিক সংকট—কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সুরতহাল ও প্রযুক্তিগত আলামত সংগ্রহের ওপর জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...