Logo Logo

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড


Splash Image

যুক্তি ও মেধার সমন্বয়ে তরুণ প্রজন্মকে গণিত চর্চায় উদ্বুদ্ধ করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ পৃষ্ঠপোষকতায় এই আঞ্চলিক উৎসবের বরিশাল পর্ব আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মেধা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে গণিতের ভীতি দূর করতে এবং যুক্তিবাদী চিন্তাশক্তি শাণিত করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশকে ৮টি জোনে ভাগ করে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এর মধ্যে গোবিপ্রবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বরিশাল আঞ্চলিক পর্ব। এ পর্বে বরিশাল বিভাগের বিভিন্ন প্রান্তের ১১টি জেলার ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের স্নাতক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেধার এই লড়াইয়ে অংশ নিতে মোট ১৪০ জন তরুণ প্রতিযোগী চূড়ান্তভাবে নিবন্ধন করেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা দুই ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের পর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় এবং সেরা প্রতিযোগীদের মাঝে মেডেল ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আঞ্চলিক পর্যায়ের এই শীর্ষ মেধাবীরাই পরবর্তীতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বরিশাল অঞ্চলের এই মেগা আয়োজনে কনভেনরের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহাম্মদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানশাহ্ খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সহযোগী অধ্যাপক গৌতম কুমার সাহা।

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, “মানব মেধা ও আধুনিক বিজ্ঞানের বিকাশে গণিত চর্চার কোনো বিকল্প নেই। জাতীয় গণিত অলিম্পিয়াড হলো তৃণমূল থেকে খাঁটি মেধা খুঁজে বের করার এক অনন্য প্ল্যাটফর্ম। এখান থেকেই আগামীর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিরা নির্বাচিত হন। গোবিপ্রবিতে এমন আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে দীর্ঘমেয়াদে ভূমিকা রাখবে।”

আয়োজনের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, “ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন মর্যাদাপূর্ণ জাতীয় আসর সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আগামীতে আরও বৃহৎ পরিসরে জাতীয় পর্যায়ের এমন আয়োজন গোবিপ্রবিতে অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...