Logo Logo

অবৈধ পথে ইতালি যাত্রা

মাফিয়ার কাছে আটক মেহেদীর মুক্তিপন চাওয়া হচ্ছে ২০ লক্ষ টাকা!


Splash Image

ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালের প্রলোভনে পড়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের যুবক মেহেদী হাসানের পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ইউরোপে পাঠানোর কথা বলে ‘সাগর’ নামের এক দালালের সঙ্গে ২২ লাখ টাকায় চুক্তি করে ২০২৫ সালের সেপ্টেম্বরে লিবিয়ায় যান ৩০ বছর বয়সী মেহেদী। সেখানে পৌঁছানোর পরপরই মাফিয়াদের হাতে আটক হন বলে পরিবারের অভিযোগ।


বিজ্ঞাপন


পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় একটি কম্পিউটারের দোকানে চাকরি করে ভালোই চলছিল মেহেদীর সংসার। কিন্তু ইউরোপে যাওয়ার আশায় দালালের প্রলোভনে পড়ে ভিটেবাড়ি বন্ধক ও ধারদেনা করে তাঁকে লিবিয়ায় পাঠানো হয়।

লিবিয়ায় যাওয়ার কিছুদিন পর মেহেদীকে মাফিয়ারা আটকে রেখে নির্যাতন করে—এমন ভিডিও পরিবারের কাছে পাঠানো হয় বলে স্বজনরা জানান। ছেলেকে মুক্ত করতে বাধ্য হয়ে পরিবারটি আবারও ধারদেনা করে প্রায় ১৭ লাখ টাকা পাঠায়। এমনকি ভিটেবাড়ি বন্ধক রেখেও ওই টাকা জোগাড় করা হয়। কিন্তু এত টাকা দেওয়ার পরও মেহেদীর মুক্তি মেলেনি বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, কিছুদিন পর আবারও মেহেদীকে আটক করা হয়। বর্তমানে প্রায় তিন মাস ধরে তিনি মাফিয়াদের হাতে আটক রয়েছেন। তাঁকে মুক্তি দিতে আরও ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিপুল এই অর্থ দেওয়ার সামর্থ্য না থাকায় চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

মেহেদীর বাবা রহমান শিকদার ছেলেকে ফিরে পাওয়ার আশায় অসহায় হয়ে পড়েছেন। ছেলের নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় মেহেদীর মায়ের চোখেও এখন অশ্রু। পরিবারের স্বজনদের আকুতি—আর কোনো টাকা দিতে চান না তারা; তাদের একমাত্র চাওয়া, মেহেদী যেন নিরাপদে দেশে ফিরে আসেন।

পরিবারের অভিযোগ, দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে মেহেদীকে এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে। এ ঘটনার জন্য সংশ্লিষ্টদের দায়ী করে দ্রুত মেহেদীকে উদ্ধার ও দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধভাবে বিদেশ গমন ব্যক্তি ও দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধি এবং দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বোপরি সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেহেদীর পরিবার এখন সরকারের দ্রুত সহযোগিতার দিকে তাকিয়ে আছে। স্বজনদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে মেহেদীকে মাফিয়াদের হাত থেকে উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...