Logo Logo

প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ : এস এম জিলানী


Splash Image

বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুরা আর সমাজের বোঝা নয়, তাদের দেশের সুনাগরিক ও সম্পদে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, খেলাধুলা ও কর্মসংস্থানসহ নানা ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে সরকার। ইতিমধ্যেই তাদের সেবা সহজীকরণে 'ওয়ান-স্টপ-সার্ভিস' চালু করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ২ হাজার ৭০০টি প্রতিবন্ধী স্কুল পরিচালিত হচ্ছে এবং এই সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

কোটালীপাড়া উপজেলার প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, “আমি কোটালীপাড়ায় কমপক্ষে দুটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই এ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গুণগত শিক্ষার চমৎকার পরিবেশ তৈরি করা সম্ভব হবে।” পাশাপাশি এলাকায় প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং এটি ইতিবাচকভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে 'নজরুল বর্ষ' উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় সংস্কৃতি চর্চার ওপর জোর দিয়ে এমপি এস এম জিলানী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, দর্শন ও জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। নজরুলের চেতনা ও মূল্যবোধ চর্চা করলে দেশের যুবসমাজ কখনো পথভ্রষ্ট বা বিপথগামী হবে না।

অনুষ্ঠানসমূহে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুপ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...