Logo Logo

নীলফামারীতে কণ্ঠশিল্পী স্বপ্না সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


Splash Image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে সম্মানহানির প্রতিবাদে সরব হয়েছেন নীলফামারীর আঞ্চলিক সংগীতশিল্পী স্বপ্না সরকার। ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সাজানো সংবাদ সম্মেলন ও ভিত্তিহীন গুজবের মাধ্যমে সামাজিকভাবে তাঁকে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ন্যায়বিচার দাবি করেন এই শিল্পী।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বপ্না সরকার দাবি করেন, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে গত ৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ‘আনজুয়ারা সুমি’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাঁকে জড়িয়ে একের পর এক বিভ্রান্তিকর ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেবল অন্তর্জালেই সীমাবদ্ধ থাকেনি; ‘মমতাজ খ্যাত’ সুমি শেখ স্থানীয় জেলা প্রেসক্লাব বা সাংবাদিকদের অবহিত না করে দূরবর্তী কিশোরগঞ্জ উপজেলা থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীকে ভাড়া করে এনে তাঁর বিরুদ্ধে একপেশে অভিযোগ তুলে একটি সাজানো সংবাদ সম্মেলনও করান। সেখানে তাঁর বিরুদ্ধে বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

বাবার কথিত অপরাধের দায় নিজের ওপর চাপানোর চেষ্টার কথা উল্লেখ করে এই কণ্ঠশিল্পী বলেন, আইন ও নৈতিকতা কোনো দিক থেকেই একজন বাবার অপরাধের দায় তাঁর সন্তানের ওপর বর্তায় না। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে যেসব অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে, এর কোনোটিরই পক্ষে ন্যূনতম তথ্য-প্রমাণ সুমি শেখ হাজির করতে পারবেন না। তিনি কোনো হত্যার হুমকি দেননি এবং কোথাও আত্মগোপনেও ছিলেন না। অথচ তিনি পলাতক—এমন অসত্য দাবি গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর বহু বছরের অর্জিত সুনাম ও ক্যারিয়ার ধ্বংসের গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও ব্যক্তিগত চরিত্রহননের ভয়াবহতা তুলে ধরে স্বপ্না সরকার জানান, সাইবার বুলিং ও ভিত্তিহীন প্রচারণার শিকার হয়ে অনেক নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে। শিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংস্কৃতি অঙ্গনে কাজ করছেন, কিন্তু এ ধরনের সাইবার আক্রমণ তাঁর ব্যক্তিজীবন ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সংবাদ সম্মেলনের শেষপর্যায়ে তিনি প্রচলিত আইনি ব্যবস্থার প্রতি আস্থা রেখে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ঘটনার নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একই সঙ্গে পেশাদার সাংবাদিক সমাজ ও সাধারণ নেটিজেনদের সত্যতা যাচাই ছাড়া এমন বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এই অপপ্রচারের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই শিল্পী, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো নিরপরাধ নাগরিকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়।

সংবাদ সম্মেলনে শিল্পীর স্বামী শাহীন বাবু ছাড়াও নীলফামারীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...