Logo Logo

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার


Splash Image

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন একটি ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলার সিঁড়ির পাশের ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মো. মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে নির্মাণাধীন ভবনের পাশের সুইমিংপুলে মেয়েকে রেখে তিনি ভবনটির ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি রাজধানীর বনানীর একটি বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি বাংলাদেশে ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন করা হবে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে যান। তিনি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...