Logo Logo

নীলফামারীতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান ও যুব সংগঠনকে আর্থক অনুদান বিতরণ


Splash Image

যুবসমাজের ইতিবাচক উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নীলফামারীতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুব সংগঠনগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১৭ অক্টোবর সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের ১৫টি যুব সংগঠনকে ‘ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান এবং ৪৩২টি যুব সংগঠনের মাঝে আর্থিক অনুদান হস্তান্তর করেন। রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরা একযোগে ভার্চুয়ালি এ আয়োজনে অংশ নেন।

এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুদান হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার সফল যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় প্রগতি যুব উন্নয়ন মহিলা সমিতি, যুব ফাউন্ডেশন, দীপ্তমান যুব উন্নয়ন সংস্থা এবং স্বপ্নপল্লী যুব সংগঠনসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, সহকারী পরিচালক হাসান আলী, ডেপুটি কো-অর্ডিনেটর লতিফুল বারী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহায়েল পারভেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত ও উৎসাহিত করতেই সরকার ও যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিবছর এ ধরনের পুরস্কার ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। যুব সংগঠনগুলোর ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগে সরকারি সহায়তা তাদের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে এবং সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা দেশের যুব সংগঠনগুলোকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় করে তুলবে এবং তরুণদের নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল ও উন্নয়নমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...