বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে সড়কের বিভিন্ন স্থানে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড টাঙানোর কাজ চলছে। পাশাপাশি সড়কের দুই পাশের ডিভাইডার সংস্কার ও রং করা হচ্ছে। দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি যেসব স্থানে ময়লার স্তূপ ছিল, সেসব স্থান বালু দিয়ে ঢেকে সুসজ্জিত করা হয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বেলা ১১টায় রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহী এবং পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর হয়ে সড়কপথে রংপুর যাবেন। তাঁর আগমন ঘিরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁকে বরণ করে নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।”
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এজন্য পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, ডিভাইডার মেরামত ও রং করার কাজ চলছে।”
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।”
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সৈয়দপুর শহরের সাজসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও নিরাপত্তা প্রস্তুতিতে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। তাঁর আগমনকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...