Logo Logo

ঝালকাঠিতে নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী শিশু রেদোয়ান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রেদোয়ান ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানাবাড়ি বেড়াতে আসে রেদোয়ান। দুপুর আনুমানিক ২টার দিকে সে নানার বাড়ির দক্ষিণ পাশে খেলছিল। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে একটি ভিমরুলের বাসার কাছে গেলে একাধিক ভিমরুল তাকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়। শিশুটির চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান তার নানি জোসনা বেগম। নাতিকে উদ্ধার করতে গিয়ে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে রেদোয়ানকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি. এম. মেহেদী হাসান (সানি) বলেন, “হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। আদরের শিশুকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা ও পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...