বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিলাইছড়ির ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্য দিয়ে ৩৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সকালের ১ম পর্বে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তি দানসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ভদন্ত আর্য্যলংকার মহাথের এর সভাপতিত্বে প্রধান ধর্মালোচক হিসেবে ধর্ম দেশনা প্রদান করেন তক্তানালা দক্ষিণ পাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অগ্রবংশ থের।
এছাড়া বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন দীঘলছড়ির উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভদন্ত ক্ষেমালংকার থের এবং রাঙ্গুনিয়ার সোনাইছড়ি রাজবিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলজ্যোতি থের।
বিকালের ২য় পর্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি দয়াময় চাকমা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। পরে পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান, আকাশ প্রদীপ ও হাজার বাতি উৎসর্গসহ মুল কঠিন চীবর ও দায়ক-দায়িকা কর্তৃক আলাদা আলাদা চীবর দান করা হয়।
অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থেকে ধর্ম দেশনা প্রদান করেন কেরণছড়ি দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিপুল জ্যোতি থের। এছাড়া প্রধান ধর্মালোচক হিসেবে ধর্ম দেশনা দেন রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দশ্রী থের এবং বিশেষ ধর্মালোচক হিসেবে ধর্ম দেশনা প্রদান করেন বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবতিষ্য থের প্রমূখ। এসময় কঠিন চীবর দানানুষ্ঠানে বিহারের আওতাধীনসহ দূরদূরান্ত থেকে কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেন।
বিশ্বের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে সমবেত প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
প্রসঙ্গত, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখা তথ্যমতে, উপজেলায় ২৬ অক্টোবর থেকে প্রায় প্রতিটি বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান শুরু হয়েছে এবং আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...