Logo Logo

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ

গোপালগঞ্জে ৪৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা


Splash Image

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।


বিজ্ঞাপন


বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন। সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড় এবং সদর উপজেলার কাঠিসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করেন তারা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভের সময় কভার্ড ভ্যান, বাস ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কের ওপর ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া মামলার অভিযোগে বলা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সোমবার (৯ নভেম্বর) রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব স্থানের মধ্যে রয়েছে জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটক।

একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...