Logo Logo

চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার


Splash Image

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মো. রাসেল (২৬) নামে এক শ্রমিক দল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তিনি একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পরদিন থেকেই স্ত্রী মুক্তা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যান। রাসেল ও মুক্তা বেগম দম্পতির দুই সন্তান রয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় লোকজন রাসেলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরের ভেতরে মাটি খুঁড়ে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি মাটিচাপা দিয়ে তার ওপর পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, “গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার সন্ধান পাইনি। ওরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে। আমি প্রধান আসামি মুক্তা বেগমসহ এই হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসি চাই।”

দলীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেল বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছিলেন। এ ছাড়া রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধও হয়েছিলেন।

চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, “রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে বারবার নির্যাতনের শিকার হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমাদের এই সহযোদ্ধার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সিআইডির একটি ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...