Logo Logo

নিম্নমানের কাজের অভিযোগ; ডিসেম্বরে কাজ শেষের আশ্বাস ঠিকাদারের

কর্ণফুলীতে ৮ কোটি টাকার সড়ক প্রকল্পে আড়াই বছরেও কাজ শেষ হয়নি, দুর্ভোগে হাজারো মানুষ


Splash Image

সাইফুল ইসলাম, কর্ণফুলী, চট্টগ্রাম। প্রায় ৮ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প। পেরিয়ে গেছে দুই বছরেরও বেশি সময়। অথচ এখনো শেষ হয়নি নির্মাণকাজ।


বিজ্ঞাপন


শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সড়কের অসমাপ্ত উন্নয়নকাজ। কোথাও কার্পেটিং অসম্পূর্ণ, কোথাও ঢালাই বাকি, আবার কোথাও ইটের খোয়া উঠে তৈরি হয়েছে অসংখ্য বড় গর্ত। উন্নয়নের জন্য নেওয়া প্রকল্পের কাজ মাঝপথে থেমে থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

এমন চিত্র চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক-চরলক্ষ্যা-বোর্ড বাজার সড়কের। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়ক উন্নয়ন প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দের তথ্য পাওয়া গেছে। তবে পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ৯ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন ঠিকাদার। বিপুল অর্থের প্রকল্প হলেও প্রায় আড়াই বছর পেরিয়ে এখনো পুরো সড়কের কাজ শেষ হয়নি। বরং দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সড়কের অসমাপ্ত অংশগুলো ক্রমেই বেহাল হয়ে পড়ছে। এদিকে নির্মাণকাজের মান নিয়েও উঠেছে নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ।

জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সৈন্যেরটেক থেকে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ, বোর্ড বাজার হয়ে প্রায় চার কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের জুনে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তৌহিদ অ্যান্ড ব্রাদার্স। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির একটি বড় অংশে উন্নয়নকাজ সম্পন্ন হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ এখনো অসমাপ্ত। দীর্ঘদিন ধরে এসব অংশে নির্মাণকাজ বন্ধ রয়েছে। বিশেষ করে বোর্ড বাজারের উত্তর পাশে স্টুডেন্টস কেয়ার মডেল স্কুলের সামনে থেকে চরলক্ষ্যা ভূমি অফিস অতিক্রম করে মোহাম্মদ আলীর দোকান পর্যন্ত এবং বোর্ড বাজারের দক্ষিণ পাশের বাকি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কার্পেটিং হয়নি, আবার কোথাও ঢালাইয়ের কাজ অসমাপ্ত পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যানবাহন চলাচলের সময় চালকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উন্নয়নকাজ বন্ধ থাকলেও তা পুনরায় শুরু করার দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে সড়কের অসমাপ্ত অংশগুলো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন চলাচলকারী মানুষকে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ, কর্ণফুলী থানা, ভূমি অফিস, চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন হাজারো মানুষ। শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের পাশাপাশি রোগী পরিবহনকারী যানবাহন এবং বয়স্ক ব্যক্তিদের জন্য সড়কটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের প্রশ্ন, প্রায় চার কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ার আড়াই বছর পেরিয়ে গেলেও কেন এখনো তা শেষ করা সম্ভব হয়নি? আর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজ কবে নাগাদ আবার শুরু হবে?

শুধু কাজের দীর্ঘসূত্রতা নয়, নির্মাণকাজের মান নিয়েও উঠেছে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও এক বিএনপি নেতার দাবি, সড়কের বিভিন্ন স্থানে নিম্নমানের কাজ হয়েছে। নির্মাণকাজে অনিয়মের বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের মতে, সরকারি অর্থ ব্যয়ে এমন গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের ক্ষেত্রে যথাযথ তদারকি ও কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অথচ সড়কের বর্তমান অবস্থা দেখে সেই তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তৌহিদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আহমদ কবির চৌধুরী বলেন, বর্ষার কারণে সড়কের বিভিন্ন অংশ দুই থেকে তিনবার মেরামত করা হয়েছে। কিন্তু বৃষ্টি ও যানবাহন চলাচলের কারণে সেগুলো আবারও নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে এ ধরনের কাজ করা সম্ভব হয় না। এ ছাড়া সড়কের দুই পাশে ব্যক্তিমালিকানাধীন প্রচুর গাছ থাকায় সেগুলো না কাটা পর্যন্ত কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

কাজ শেষ করতে বিলম্ব হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সড়কের কাজ অসমাপ্ত থাকায় অনিচ্ছাকৃতভাবে এলাকাবাসীকে কষ্ট পেতে হচ্ছে। তবে নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তিনি অস্বীকার করেন। বর্তমানে কাজের পরিবেশ অনুকূলে রয়েছে জানিয়ে চলতি নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে প্রকল্পের দীর্ঘসূত্রতা, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকা, কাজের অগ্রগতি ও নির্মাণমানের বিষয়ে জানতে কর্ণফুলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে কার্যালয়ে পাওয়া যায়নি।

পরে উপসহকারী প্রকৌশলী সাঈদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিটুমিনের মূল্যবৃদ্ধিকে কাজ বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, আগে যে বিটুমিনের দাম ছিল ৮ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেনি। তবে বিটুমিনের মূল্যবৃদ্ধির কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকার বিষয়টি, ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তিগত দায়বদ্ধতা এবং দীর্ঘদিন কাজ অসমাপ্ত থাকার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। উপজেলার অন্যান্য সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

একটি গুরুত্বপূর্ণ জনচলাচলের সড়ক উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দের পরও কেন নির্ধারিত সময়ে কাজ শেষ হলো না, দীর্ঘদিন ধরে কেন নির্মাণকাজ বন্ধ রয়েছে, প্রকল্পের অর্থ ব্যয়ের বিপরীতে বাস্তব অগ্রগতি কতটুকু এবং নির্মাণকাজের গুণগত মান যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না—এসব প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিকবার মেরামতের কথা বলা হলেও সড়কের বিভিন্ন অংশের বর্তমান অবস্থা সেই কাজের স্থায়িত্ব ও মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের দাবি, শুধু কাজ শেষ করার আশ্বাস দিলেই দায়িত্ব শেষ হবে না। প্রকল্পের ব্যয়, কাজের অগ্রগতি ও নির্মাণমান নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। নিম্নমানের কাজের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উন্নয়নকাজ দ্রুত পুনরায় শুরু করে অসমাপ্ত কার্পেটিং ও ঢালাই সম্পন্ন করতে হবে। ঠিকাদারের দেওয়া ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ করার আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। অন্যথায় সরকারি অর্থে নেওয়া এই উন্নয়ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবেন এলাকার হাজারো মানুষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...