Logo Logo

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ববিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন


Splash Image

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় নিষিদ্ধ সংগঠনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, সাদা দলের সদস্যসচিব ও প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, অধ্যাপক ছাদেকুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর প্রভাষক গাজী সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক।

বক্তব্যে সাদা দলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারা দেশে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশপন্থী শক্তি ও দেশের জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর একটি উদাহরণ গোপালগঞ্জ।

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী সংগঠন ছাড়া অন্য কারও পক্ষে করা সম্ভব নয় বলে শিক্ষক সমাজ মনে করে। এটি সভ্যতার পরিপন্থী। বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় রয়েছে, যাদের কাছে বাংলাদেশই সবার আগে। আমরাও একই জাতীয়তাবাদে বিশ্বাসী এবং আমাদের কাছেও সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করে দেশের মানুষের জন্য শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করুন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রয়েছে, তা কার্যকর করতে হবে।

তিনি বলেন, ‘আমরা কোনো দেশের দাসত্ব করতে এই দেশ স্বাধীন করিনি। এ দেশের বন্ধু থাকবে, কিন্তু প্রভু থাকতে পারবে না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...