Logo Logo

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলনের পর প্রতিপক্ষের হামলায় নারী নিহত, আহত ১


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলন করার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষের নৃশংস হামলায় নাহিদা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ছেলে মহিবুল্লাহ শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া থানার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। নিহত নাহিদা ওই গ্রামের মৃত শরিফুল ইসলামের স্ত্রী।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে নাহিদার পরিবারের সাথে প্রতিবেশী আব্দুল কাদেরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের প্রতিকার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার বিকেলে নাহিদা ও তার পরিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অভিযোগ উঠেছে, সংবাদ সম্মেলন করার বিষয়টি মেনে নিতে পারেনি প্রতিপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে আব্দুল কাদের ও তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিবুল্লাহ শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নাহিদা ও তার ছেলে মহিবুল্লাহ মারাত্মকভাবে জখম হন।

আহতদের চিৎকার শুনে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় মহিবুল্লাহ শেখকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের পর পাটগাতি মধ্যপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...