Logo Logo

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজে বিক্ষোভ


Splash Image

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেন।


বিজ্ঞাপন


সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মো. ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান এবং ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেলে বিদ্যমান চরম বৈষম্যের কারণে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে বৈষম্যহীন নতুন পে-স্কেল এখন সময়ের দাবি।

তারা সরকারের প্রতি অনতিবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের সামনের প্রধান সড়ক এবং মেডিকেল কলেজের অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে কর্মচারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...