Logo Logo

ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা


Splash Image

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


অভিযুক্ত ব্যক্তির নাম রায়হানুল ইসলাম তারেক (৩২), তিনি উপজেলার আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং মেথু প্রামাণিকের ডাঙ্গী গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র।

গত রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এই মামলাটি করা হয়। আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার ৩৪ নম্বর আকোটেরচর মৌজাধীন মোলামের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীর চর হতে দীর্ঘদিন ধরে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত রায়হানুল ইসলাম তারেক। এলাকাটি ভাঙনপ্রবণ হওয়ায় এ ধরনের কর্মকাণ্ডে নদী ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল এবং এলাকার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল। স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা ইতিপূর্বে তাকে মৌখিকভাবে একাধিকবার নিষেধ করলেও তিনি তা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখেন।

অবৈধ বালু উত্তোলনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাতেনাতে অবৈধ মাটি কাটার প্রমাণ পাওয়ায় ভেকু মেশিনটি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মেশিনটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “আসামি দীর্ঘদিন ধরে পদ্মার পাড় থেকে মাটি ও বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছিলেন। সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ার পর আমরা কঠোর আইনি ব্যবস্থা নিয়েছি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।”

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ভাঙন রোধে ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...