Logo Logo

১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন : জামায়াত আমির


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বা ২০২৪ সালের মতো কোনো প্রহসনের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে লাল কার্ড দেখানোর এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রত্যাশা পূরণের নির্বাচন। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশে ইনসাফ কায়েম করা হবে এবং ন্যায় প্রতিষ্ঠাই হবে সরকারের মূল লক্ষ্য।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, “সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। গত ৫৪ বছর ধরে যে রাজনীতি দফায় দফায় ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, এই নির্বাচন সেই ঘুণে ধরা রাজনীতিকে বিদায় জানানোর সুযোগ। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে।”

নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটিয়ে জামায়াত আমির ঘোষণা করেন, ১১ দলীয় জোট সরকার গঠনের সুযোগ পেলে নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করা হবে।

তিনি বলেন, “নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে অনেকে আমার পেছনে লেগেছে। কিন্তু যারা ষড়যন্ত্র করছে তারা পেছনেই পড়ে থাকবে। আমরা ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদার আসনে রাখা হবে।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট বদ্ধপরিকর। প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে।

জেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভা সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাহারছড়া মাঠের এই জনসভাকে কেন্দ্র করে কক্সবাজার শহর ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে, যা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...