Logo Logo

তাহিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শাহ আলম মোটরসাইকেলযোগে বারংকা গ্রাম থেকে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বারংকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতোই বেশি ছিল যে শাহ আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় দুই মোটরসাইকেলে থাকা অপর পাঁচ আরোহী মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সবাইকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সড়কে বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...