Logo Logo

৭১-এর পরাজিত শক্তিকে বাংলার জনগণ আর মাথাচাড়া দিতে দেবে না : এস এম জিলানী


Splash Image

গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘৭১-এর পরাজিত শক্তি বর্তমানে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে, যা বাংলার আপামর জনতা কখনোই মেনে নেবে না। যারা মহান একাত্তরের ইতিহাসকে স্বীকার করে না, তারাই আজ চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবকে ছিনিয়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত। ২৪-এর বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং সর্বস্তরের ছাত্র-জনতার অর্জিত সম্পদ।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নে মাঝবাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থেকে গুম ও খুনের শিকার হয়েছেন। অগণিত ত্যাগ ও দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় আজ চব্বিশের বিজয় অর্জিত হয়েছে। এই লড়াইয়ে জাতীয়তাবাদী শক্তির অবদান অনস্বীকার্য।”

কোটালীপাড়ার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “বিগত ১৭ বছরের দুঃসময়ে আমি আপনাদের পাশে ছিলাম, তা আপনারা অবগত আছেন। এখন নির্বাচনের সময় কিছু মানুষ ‘বসন্তের কোকিল’-এর মতো আপনাদের দ্বারে দ্বারে এসে ভোট চাইছে। যাদের আপনারা স্বাধীনতা-পরবর্তী দীর্ঘ সময়ে কখনও দেখেননি, আজ তারা বড় বড় কথা বলছে। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময়—আপনারা ঘরের সন্তানকে বেছে নেবেন, নাকি অপরিচিত কাউকে।”

ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান এস এম জিলানী। তিনি কোটালীপাড়ার মানুষের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...