Logo Logo

পাহাড় থেকে চাঁদাবাজি ও বৈষম্য দূর করা হবে : আবু বকর সিদ্দিক


Splash Image

রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মো. আবু বকর সিদ্দিক বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোট অঙ্গীকারবদ্ধ। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে জনগণ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসায়, তবে এই পাহাড়কে সম্পূর্ণভাবে চাঁদাবাজমুক্ত করা হবে। দেশে দুর্নীতি ও বৈষম্য বলতে কিছু থাকবে না।


বিজ্ঞাপন


সোমবার (২ ফেব্রুয়ারি) রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

বিলাইছড়ি বাজারে লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে মাওলানা আবু বকর সিদ্দিক তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ধুপ্যাচর পাড়া, গাছকাটাছড়া ও কেংড়াছড়ি বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তিনি।

পথসভায় মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, “আমরা পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করে প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ১১ দলীয় জোটের কোনো বিকল্প নেই।”

নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হারুনুর রশিদ এবং বিলাইছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল আজিজ। এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপি বিলাইছড়ির সভাপতি লাল চন্দ্র চাকমা ও সেক্রেটারি সুখময় তঞ্চঙ্গ্যা।

বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি ২৯৯নং আসনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে জোটের এই প্রচারণায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...