বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া এলাকায় সড়কের ওপর বালুর বস্তা ফেলে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
স্থানীয় বিএনপি নেতারা জানান, সোমবার বিকেলে বাহিরদিয়া বাজারে ধানের শীষের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় যোগ দিতে যাওয়ার পথে বাহিরদিয়া এলাকায় সড়কের ওপর বালুর বস্তা ফেলে রাখা হয়। পরে নেতাকর্মীরা নিজ উদ্যোগে সড়ক থেকে বালুর বস্তা সরিয়ে গাড়িবহর নিয়ে সভাস্থলে পৌঁছান। ওই এলাকাটি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর নিজ গ্রাম ও মাদরাসা এলাকা হিসেবে পরিচিত।
নেতারা আরও অভিযোগ করেন, শামা ওবায়েদের আগমন উপলক্ষে বাহিরদিয়া বাজারের সব দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা উধাও হয়ে যান। এমনকি বাজারের টিউবওয়েল পর্যন্ত খুলে রাখা হয়, যাতে নির্বাচনী সভায় আসা নেতাকর্মীরা খাওয়ার পানি পর্যন্ত না পান। এমন পরিস্থিতিতে সেখানে আসা নারী, প্রবীণ ও সাধারণ কর্মীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, "রাস্তায় বালুর বস্তা ফেলে রাখা তো আওয়ামী লীগের কাজ ছিল। ফ্যাসিবাদের সময় বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ফেলা হয়েছিল। স্বাধীন দেশে সেই চিত্র আর দেখতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানের পর যদি এমন অমানবিক পরিবেশ দেখতে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।"
তিনি আরও বলেন, বাহিরদিয়া কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এবং এই ধরনের বাধা গণতন্ত্রের পরিপন্থী।
এদিকে, সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, "বালুর বস্তা ফেলে গাড়িবহর আটকে দেওয়ার ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। তবে এটি যদি কেউ করে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...