Logo Logo

পাতানো নির্বাচন মেনে নেবে না জামায়াত


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন করা হলে তা দেশের মানুষ ও জামায়াত মেনে নেবে না।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৬ সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সকাল ১১টার দিকে ইইউ প্রতিনিধিদলটি জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কার্যালয়ে আসে। ঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে পর্যবেক্ষক দল মূলত নির্বাচনের প্রস্তুতি এবং প্রার্থীদের ওপর কোনো ধরনের হুমকি বা প্রতিবন্ধকতা আছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চায়।

বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বর্তমান নির্বাচনী পরিবেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগের চরম ঘাটতি রয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ এখনো নির্দিষ্ট পক্ষের হয়ে পক্ষপাতিত্ব করছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই পরিস্থিতি থেকে প্রশাসন বেরিয়ে না এলে জামায়াত শিগগিরই তাদের পরবর্তী কঠোর অবস্থান ঘোষণা করবে।

নির্বাচন কমিশনকে (ইসি) এখনো দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে জুবায়ের তাদের আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন। এছাড়া জনমনে আতঙ্ক দূর করতে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা দাবি করেন, সারাদেশে তাদের নির্বাচনী কার্যক্রমে নানাভাবে বাধা ও হয়রানি করা হচ্ছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জামায়াতের ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

জুবায়ের আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ প্রতিনিধিদল ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ আরও বেশ কয়েকটি বিদেশি পর্যবেক্ষক দল জামায়াত কার্যালয়ে আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...