বিজ্ঞাপন
আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের জোড়া ফিফটিতে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়ায় দারুণ লড়াই চালায় আফগানিস্তান। তবে শেষদিকে টানা উইকেট পতনে চাপে পড়ে তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল এক উইকেট। বোলিং প্রান্তে ছিলেন কাগিসো রাবাদা।
নাটকীয় সেই ওভারের প্রথম বল নো-বল, পরেরটি ওয়াইড। এরপর আরও একটি নো-বল ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয়। চতুর্থ বৈধ ডেলিভারিতে ফজলহক ফারুকি রান আউট হলে ম্যাচ টাই হয়ে যায়। ১৯.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান।
সুপার ওভারে ব্যাট করতে নামেন আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ। লুঙ্গি এনগিদির করা ওভারে শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন ওমরজাই। প্রথম দুই বলেই চার ও ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট করতে আসেন ডেভিড মিলার ও ডেওয়ার্ল্ড ব্রেভিস। ফজলহক ফারুকির বিপক্ষে প্রথম বলে সিঙ্গেল নেন মিলার। দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হন ব্রেভিস। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। ত্রিস্টান স্টাবস ছক্কা হাঁকিয়ে ম্যাচ আবারও টাই করেন।
দ্বিতীয় সুপার ওভারে মিলার ও স্টাবস ঝড় তোলেন। তিনটি ছক্কার সাহায্যে ২৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪ রান।
রুদ্ধশ্বাস সমাপ্তিতে নির্ধারিত লক্ষ্য ছুঁতে পারেনি আফগানিস্তান। ফলে দ্বিতীয় সুপার ওভারে ৪ রানের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...