Logo Logo

জামায়াত আমির

বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা


Splash Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল এবং কেন্দ্রীয় ব্যাংকে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে বর্তমান সরকার সমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে অভিহিত করেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকে একদল কর্মকর্তা-কর্মচারীর দিনভর বিক্ষোভের মুখে গভর্নর আহসান এইচ মনসুর বিদায় নেন এবং সরকার মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

বিক্ষোভ চলাকালীন আহসান এইচ মনসুরের একজন উপদেষ্টাকে একদল ব্যক্তি ‘মব’ তৈরি করে ব্যাংক থেকে বের করে দেওয়ার ঘটনাকে নজিরবিহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই।

জামায়াতে ইসলামীর আমির বলেন, এমনিতেই ফ্যাসিবাদের প্রভাবে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা এবং সর্বস্তরে দুর্নীতির মহামারি চলছে। এর ওপর যদি বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।

শফিকুর রহমান মনে করেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের বিরুদ্ধে নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ নয়।

তিনি সরকারকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...