বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখ বিকেল ৫টা ১৪ মিনিটে রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বিজিবি চেকপোস্টের পাশে অবস্থিত মেসার্স এশিয়া লিংক পেট্রোলিয়াম তেল পাম্পে অভিযুক্ত শফিউল আজম খান (৫৫), পিতা—বি. কে. আজম, তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে আসেন। পাম্পের কর্মচারীরা নিয়ম অনুযায়ী তাকে সীমিত পরিমাণ তেল সরবরাহ করলে তিনি গাড়ির ট্রাংক সম্পূর্ণ ভর্তি করে তেল দেওয়ার জন্য কর্মচারীদের ওপর চাপ প্রয়োগ করেন।
এ সময় তিনি পাম্পের কর্মচারীদের হুমকি-ধমকি দিতে থাকেন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজের প্রাইভেটকার থেকে একটি শর্টগান বের করে পাম্পের অফিস কক্ষের দরজা লাথি মেরে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি পাম্পের পরিচালকসহ উপস্থিত কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করেন, এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পেট্রোল পাম্পের পরিচালক প্রফেসর নুরুল হক নুরু বাদী হয়ে রামু থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে রামু থানায় মামলা নং–৪৬/২০২৬, তারিখ ১৯ মার্চ ২০২৬, পেনাল কোড ১৮৬০ এর ৪৪৮/৩২৩/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ সুপার কক্সবাজার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৯ মার্চ রাতে অভিযুক্ত শফিউল আজম খানকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত একটি কালো রঙের বারো বোর শর্টগান জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত অস্ত্রটি আসামির লাইসেন্সকৃত বৈধ অস্ত্র।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...