Logo Logo

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রক্তাক্ত গোপালগঞ্জ, নারীসহ আহত ১০ জন


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে মাসুদ ফকির নামে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, গ্রামাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটছে। সচেতন মহলের মতে, সীমানা নির্ধারণের মতো বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতা না থাকায় সাধারণ মানুষের মধ্যে আইনি জটিলতা ও সংঘাত বাড়ছে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...