Logo Logo

শিবচরে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব, আকাশজুড়ে রঙিন মেলার আমেজ


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলার হাতির বাগান মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।


বিজ্ঞাপন


বিকেলের আকাশজুড়ে নানা রঙ ও বৈচিত্র্যময় আকৃতির ঘুড়ির উড়াউড়িতে মুগ্ধ হন দর্শনার্থীরা। লাল-নীল রঙের ঘুড়ি, সাপ ঘুড়ি, ঈগল ঘুড়ি, বাক্স ঘুড়িসহ বিভিন্ন ধরনের ঘুড়ির উপস্থিতিতে আকাশ যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়। ঘুড়ির পতপত শব্দ আর প্রতিযোগিতামূলক উড়ানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, হেমায়েত হোসেন খান, তুরাগ খান, রাহাত মল্লিক, সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, যুব সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখার লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি এইচ এম ইবনে মিজান বলেন, এ ধরনের আয়োজন মানুষের মানসিক প্রশান্তি বাড়ায় এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। অতিথিরা গ্রামীণ ঐতিহ্যবাহী এই সংস্কৃতি টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

হাতির বাগান মাঠে আয়োজিত এ ঘুড়ি উৎসব দিনভর আনন্দ-উচ্ছ্বাসে ভরিয়ে তোলে শিবচরবাসীর হৃদয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...