Logo Logo

বাটলারের চোখে আইপিএল ইতিহাসের সেরা একাদশ


Splash Image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চিরচেনা নিয়ম অনুযায়ী, একটি দলের একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ নেই। তবে নিজের পছন্দের ‘সর্বকালের সেরা আইপিএল একাদশ’ সাজাতে গিয়ে সেই নিয়মের তোয়াক্কা করেননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার। তার একাদশে আধিপত্য দেখিয়েছেন বিদেশি ক্রিকেটাররাই। ১১ জনের দলে তিনি রেখেছেন ৭ জন বিদেশি, আর ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র ৪।


বিজ্ঞাপন


বাটলারের এই একাদশে সবচেয়ে বড় চমক হলো ভারতের সফলতম অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতি। ৫টি শিরোপাজয়ী এই ওপেনারকে দলে রাখেননি তিনি। বাদ পড়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব এবং ৬টি আইপিএল ট্রফির মালিক হার্দিক পান্ডিয়াও। এমনকি ডেভিড ওয়ার্নার কিংবা নিজেকেও এই একাদশের যোগ্য মনে করেননি বাটলার। সম্প্রতি স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে তিনি তার এই স্বপ্নের একাদশ প্রকাশ করেন।

ওপেনিংয়ে বাটলার বেছে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইকনিক জুটি বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি এবং ‘ইউনিভার্স বস’ গেইলকে ঘিরেই তার ব্যাটিং লাইনআপের শুরু। তিন নম্বরে তিনি রেখেছেন চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি সুরেশ রায়নাকে, যাকে তিনি ‘মিস্টার আইপিএল’ বলে অভিহিত করেছেন। চার নম্বরে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান জিনিয়াস এবি ডি ভিলিয়ার্স।

দলের উইকেটরক্ষক ও ফিনিশার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রেখেছেন বাটলার। তবে অলরাউন্ডার বিভাগে তিনি পুরোপুরি ভরসা রেখেছেন ক্যারিবীয় শক্তির ওপর। তার দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন তারকা—কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। স্পিন বিভাগে আফগানিস্তানের রশিদ খানকে রেখে বোলিং আক্রমণকে শক্তিশালী করেছেন তিনি।

বিশেষজ্ঞ পেসার হিসেবে বাটলার বেছে নিয়েছেন আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা দুই বোলার লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহকে। মজার ব্যাপার হলো, একাদশ দিলেও দলের অধিনায়ক হিসেবে নির্দিষ্ট কারও নাম ঘোষণা করেননি বাটলার, এমনকি বর্তমান সময়ের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও কোনো আগ্রহ দেখাননি তিনি।

জস বাটলারের সর্বকালের সেরা আইপিএল একাদশ: বিরাট কোহলি, ক্রিস গেইল, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...