Logo Logo

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের প্রতিবাদ


Splash Image

“গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” উপলক্ষে বিশ্বব্যাপী জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় এক বিশাল মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন যুব সংগঠনের শতাধিক তরুণ জলবায়ু কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।


বিজ্ঞাপন


সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো (SIDO)-এর বাস্তবায়নে এই কর্মসূচিতে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশ সহযোগিতা করে। মানববন্ধনে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি একটি দানবাকৃতির প্রতিকৃতি প্রদর্শন করা হয়, যা প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহতাকে ফুটিয়ে তোলে। এছাড়া অংশগ্রহণকারীরা মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকির চিত্র তুলে ধরেন। তাদের হাতে ছিল “জাস্ট ট্রানজিশন” বা ন্যায্য রূপান্তরের দাবিতে রঙিন ফেস্টুন ও ব্যানার।

মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিশ্ব গড়ার দাবি জানান। তরুণ জলবায়ু কর্মী রিপন হোসেন বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানি নিঃসরণের বড় ঝুঁকিতে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে।”

নারী নেত্রী শাহনাজ পারভীন জলবায়ু আন্দোলনে নারীর নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের কণ্ঠ শোনা হয় না। জলবায়ু ন্যায়বিচারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

সংহতি প্রকাশ করে স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, “পরিবেশগত স্থায়িত্ব রক্ষায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য এখনই বিনিয়োগ বাড়ানো জরুরি।”

আয়োজকরা জানান, বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিবছর একশনএইড বাংলাদেশের ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় তরুণদের সংগঠিত করা হচ্ছে। সাতক্ষীরার এই কর্মসূচির সঙ্গে ভার্চুয়ালি ও সরাসরি সংহতি প্রকাশ করেছেন দেশের ২৭টি জেলার হাজার হাজার তরুণ ও অ্যাক্টিভিস্ট। অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে #জীবাশ্মমুক্তভবিষ্যৎ এবং #জলবায়ু_ন্যায়বিচার_এখন হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...