জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাইয়ে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, শহীদ পরিবারের সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের গেজেট প্রকাশ এবং জুলাই সনদ আইনি ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে শহীদ রজবুদ্দিনের বাবা রকিবুল আহমেদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। অনেক আহত ব্যক্তি এখনো চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিশ্রুতি অনুযায়ী, শহীদ পরিবার ও আহতদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়িত না হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি বলেন, ইশরাক হোসেন দায়িত্বে থাকাকালে শহীদ পরিবারগুলোর বিভিন্ন অমীমাংসিত সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছিলেন। শহীদদের কবরস্থান স্থায়ী করা ও পাকা করার বিষয়েও তিনি পদক্ষেপ নিয়েছেন। যে কাজ দীর্ঘদিনেও এগোয়নি, তার উদ্যোগে সেটি এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।
রকিবুল আহমেদ বলেন, ইশরাক হোসেন যদি স্বেচ্ছায় দায়িত্বে ফিরতে না চান, তাহলে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করেন এবং আহত ও শহীদ পরিবারের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারেন এমন কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এ ক্ষেত্রে শিক্ষিত, নীতিবান, নিষ্ঠাবান ও অভিজ্ঞ ব্যক্তিকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের মধ্যে কোনো শ্রেণিবিভাগ থাকা উচিত নয়। পরিচিতি বা প্রভাবের ভিত্তিতে কয়েকটি পরিবারকে গুরুত্ব না দিয়ে সব শহীদ পরিবারকে সমান মর্যাদা দিতে হবে। একইভাবে আহতদের শারীরিক ক্ষতির ধরন ভিন্ন হলেও তাদের প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে আহত ও শহীদ পরিবারের সদস্যদের যথাযথ মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের প্রতিনিধিত্ব সীমাবদ্ধ না রেখে সব শহীদ পরিবার ও আহত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
এ সময় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা এখনো এর কার্যকর বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না। সনদকে আইনি ভিত্তি দিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...