Logo Logo

সাতক্ষীরায় জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


Splash Image

সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম।


বিজ্ঞাপন


রোববার (১০ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এই অভিযোগ উত্থাপন করেন।

লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, পলাশপোল মৌজার ৬১২১ দাগে তার ৩.৫ শতক পৈত্রিক জমি রয়েছে, যেখানে তিনি ১৯৮৫ সাল থেকে সপরিবারে বসবাস করে আসছেন। একই দাগে তার মামার মালিকানাধীন আরও ৮ শতক জমি থাকায় চলতি বছরের ৭ এপ্রিল তিনি তা রেজিস্ট্রি মূলে ক্রয় করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঝাউডাঙ্গা এলাকা থেকে এসে যুবলীগ নেতা শাহানুজ্জামান শিপলু, তার স্ত্রী সোনিয়া আক্তার ও মা শহর বানু ওই জমিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাদের জমি ছেড়ে দিতে বললে তারা সিরাজুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান শুরু করেন। এমনকি জমিতে টানানো মালিকানার সাইনবোর্ডটিও দুর্বৃত্তদের লেলিয়ে ভাঙচুর করান তারা।

সিরাজুল ইসলাম আরও দাবি করেন, অভিযুক্ত শাহানুজ্জামান শিপলু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির কর্মকাণ্ডে সিরাজুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি ২০২৫ সালের ২৫ নভেম্বর থানায় একটি জিডি করেছিলেন বলেও উল্লেখ করেন।

অভিযোগে আরও বলা হয়, জমি সংক্রান্ত এই বিরোধ মেটাতে একাধিকবার থানায় অভিযোগ করা হলেও অভিযুক্তরা উপস্থিত হয়নি। এমনকি স্থানীয়ভাবে সালিস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে। উল্টো জমি ছেড়ে দিতে বললে সিরাজুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালানো হয়।

এমতাবস্থায়, সিরাজুল ইসলাম নিজের জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানান।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...