Logo Logo

চাটখিলে সাইবার সিকিউরিটিতে দক্ষ করতে নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ


Splash Image

নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ল্যাবে নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত ৫ দিনব্যাপী ‘ট্রেনিং অন সাইবার সিকিউরিটি এসেনশিয়ালস ফর দ্য স্টুডেন্টস’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের অধীন 'এজ' (EDGE) প্রকল্প এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (NCSA) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। চাটখিল উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (১১ মে) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়।

চাটখিল উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমান সবুজ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপাধ্যক্ষ মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজানুর রহমান বলেন, “বর্তমান স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল পদচারণা আমাদের যেমন সুবিধা দিচ্ছে, তেমনি নিরাপত্তার অভাবে বড় ধরনের ঝুঁকির মুখেও ফেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সাইবার স্পেসে পাসওয়ার্ড নিরাপদ না থাকলে অপপ্রচার বা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তাই অপরিচিত লিঙ্কে ক্লিক করা, ওটিপি (OTP) শেয়ার করা বা স্প্যাম মেইল ওপেন করা থেকে বিরত থাকতে হবে। সাইবার সমস্যায় পড়লে ভয় না পেয়ে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে এবং বর্তমান সময়ে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের জন্য সঠিক 'প্রম্পট' লেখা শিখতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “নারী শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে। তবে তাদের এই যাত্রাকে নিরাপদ করতে সাইবার নিরাপত্তার জ্ঞান থাকা অপরিহার্য। আইসিটি বিভাগ ও এজ প্রকল্পকে ধন্যবাদ জানাই আমাদের কলেজের ছাত্রীদের এমন একটি সময়োপযোগী ও কার্যকর প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য। আমি আশা করি, তারা এখান থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের সুরক্ষিত রাখবে।”

প্রশিক্ষণার্থী ও চাটখিল মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনা আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, “এই ৫ দিনের প্রশিক্ষণে আমরা পাসওয়ার্ড সুরক্ষা, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং সোশ্যাল মিডিয়া সিকিউরিটি নিয়ে অনেক কিছু শিখেছি যা আগে জানতাম না। বিশেষ করে ওটিপি শেয়ার করার বিপদ এবং অপরিচিত লিঙ্কের ঝুঁকি সম্পর্কে জেনে আমরা এখন অনেক বেশি সচেতন। এই প্রশিক্ষণ আমাদের ডিজিটাল দুনিয়ায় আত্মবিশ্বাসের সাথে পথ চলতে সাহায্য করবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমান সবুজ বলেন, "আইসিটি বিভাগ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাইবার সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী কাজ করছে। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাইবার জগতের বিভিন্ন ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়ছে।"

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও সনদপত্র তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...