Logo Logo

সাতক্ষীরার তালায় চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার


Splash Image

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিনের চাঁদাবাজি, দোকান দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। বাজারের ব্যবসায়ী ও জমির মালিক আব্দুর রব সরদার স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ এনে আইনগত প্রতিকার চেয়েছেন।


বিজ্ঞাপন


ভুক্তভোগী আব্দুর রব সরদার এজাহারে উল্লেখ করেন, হাজরাকাটি বাজারে নিজস্ব জমিতে নির্মিত প্রায় ৪০টি দোকানঘরে তিনি গত ২৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর মধ্যে বেশ কিছু দোকান তিনি নিজে পরিচালনা করেন এবং বাকিগুলো ভাড়াটিয়াদের মাধ্যমে পরিচালিত হয়।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ১ নভেম্বর রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারে ত্রাস সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরবর্তীতে ৫ নভেম্বর তারা পুনরায় বাজারে এসে কয়েকজন ভাড়াটিয়া ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা নিয়মিতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি একজন ভাড়াটিয়াকে মারধর করে দোকান থেকে বের করে দেওয়ার এবং বাদীর একটি তালাবদ্ধ দোকান ভেঙে জবরদখলের ঘটনাও ঘটেছে।

আব্দুর রব সরদারের অভিযোগ, প্রকাশ্য হুমকির কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিকভাবে বাজারে চলাচল করতে পারছেন না। এছাড়া তার মালিকানাধীন খালি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগও করেছেন তিনি। ইতিপূর্বে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিতে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাপ্ত অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...